বোয়ালখালীর কবিয়াল রমেশ শীলের বাড়িতে বাসন্তী পূজার বর্ণাঢ্য সূচনা


ক্রাইম বাংলা প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ন /
বোয়ালখালীর কবিয়াল রমেশ শীলের বাড়িতে বাসন্তী পূজার বর্ণাঢ্য সূচনা

 

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডীতে অবস্থিত ঐতিহ্যবাহী কবিয়াল রমেশ শীলের বাড়িতে বসন্তের আগমনে শুরু হয়েছে শ্রীশ্রী বাসন্তীদেবীর পূজা।

সার্বজনীন শ্রীশ্রী জ্বালাকুমারী মাতৃ মন্দিরের পূজা উদযাপন কমিটির উদ্যোগে পাঁচদিনব্যাপী এই বাসন্তী পূজার উৎসব মঙ্গলবার (২৪ মার্চ) মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

মহাষষ্ঠী উপলক্ষে বিকেল থেকেই শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। কবিয়াল রমেশ শীল শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় নাচ, গান ও ভক্তিগীতিতে রাত সাড়ে আটটা পর্যন্ত মুগ্ধ থাকেন উপস্থিত ভক্তরা। একই সময় পুরোহিত রাজু চৌধুরী সম্পন্ন করেন শ্রীশ্রী বাসন্তী দূর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস।

রাত ৯টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বোয়ালখালী শ্রীশ্রী গোমদণ্ডী যোগাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। এসময় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল শীলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চট্টগ্রাম সংবাদ প্রতিদিনের সম্পাদক অ্যাডভোকেট প্রকৃতি চৌধুরী ছোটন। তিনি উৎসবের দিনগুলোতে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
এসময় সাধারণ সম্পাদক ডা. প্রণব চৌধুরী, অর্থ সম্পাদক অন্তর শীলসহ মন্দির ও পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাত সোয়া ১০টার দিকে প্রথম দিনের বিশেষ আকর্ষণ হিসেবে সনাতনী রক ব্যান্ড ‘ত্রিনাথ’-এর পরিবেশনায় পূজামণ্ডপ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

উল্লেখ্য, পাঁচদিনব্যাপী এ উৎসবের দ্বিতীয় দিন বুধবার সপ্তমী, বৃহস্পতিবার অষ্টমী, শুক্রবার নবমী তিথিতে অনুষ্ঠিত হবে বিশেষ আকর্ষণ ‘মহিষাসুর বধ’ থিম। শনিবার দশমীর মধ্য দিয়ে পূজার সমাপনী।