ভূমি সেবায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর


ক্রাইম বাংলা প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৬, ৭:২১ অপরাহ্ন /
ভূমি সেবায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান তুলে ধরে ভূমি ব্যবস্থাপনায় কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

রাজধানীর কাটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে, কোনোভাবেই দীর্ঘসূত্রতা করা যাবে না। তিনি ভূমি সেবাকে আরও ব্যবহারবান্ধব ও সহজ করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, শুধু রুটিনমাফিক কাজ নয়, কীভাবে সেবাকে আরও সহজ করা যায়, সে বিষয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে একটি আধুনিক একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আইনি বিষয়ে আপসহীন থাকার নির্দেশনা
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, আইনি কাজে কোনো নেতিবাচক আপস করা যাবে না এবং আইনের বাইরে যাওয়ার এখতিয়ার কারও নেই। কর্মকর্তাদের কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আইনি সুরক্ষা বা ‘লিগ্যাল প্রটেকশন’ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

বহিরাগত অনলাইন অপারেটরদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাইরের ফটোকপি দোকানে ল্যাপটপ নিয়ে যত্রতত্র অনলাইন ভূমি সেবা প্রদান নিরুৎসাহিত করতে হবে। এসব কাজ পাসওয়ার্ড ও আইডিধারী প্রশিক্ষিত নির্দিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বার্তা পৌঁছানোর আহ্বান
মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি ব্যবস্থাপনা এখন অনেক বেশি অটোমেটেড ও ডিজিটালাইজড হয়েছে। এই বার্তাটি গ্রামগঞ্জে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তারা প্রতারণার শিকার না হন। ভূমির কাজ আগের চেয়ে সহজ হয়েছে—এই ধারণা মানুষের মধ্যে তৈরি করার ওপর জোর দেন তিনি।

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য দেন কোর্স পরিচালক খান এ. সবুর খান।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী ১৪তম ও ১৮তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সে ৩৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক এবং ৩৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কৃতি প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।