বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম:
আইন প্রয়োগকারী সংস্থার কতিপয় অসাধু সদস্যের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে পুরো পুলিশ বাহিনীর সুনাম ও ভাবমূর্তি আজ চরম হুমকির মুখে পড়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি বন্দর জোনের (টিম-৫২) বিতর্কিত উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেনের একের পর এক অনৈতিক কর্মকাণ্ড, ক্ষমতার অপব্যবহার এবং চাঁদাবাজির অভিযোগে ফুঁসে উঠেছেন চট্টগ্রাম নগরবাসী। পুলিশের মর্যাদা রক্ষা এবং সাধারণ মানুষকে হয়রানি থেকে বাঁচাতে এই অভিযুক্ত কর্মকর্তাকে অবিলম্বে বর্তমান কর্মস্থল থেকে অপসারণ, বিভাগীয় তদন্ত ও তার ‘ডোপ টেস্ট’ করানোর জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগে প্রকাশ, দীর্ঘদিন ধরে সিএমপিতে কর্মরত থাকার সুযোগে এসআই ইমাম একটি নিজস্ব সিন্ডিকেট গড়ে তুলেছেন। নিজ এক্তিয়ারভুক্ত এলাকা অতিক্রম করে বিভিন্ন মাদক স্পট ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সম্প্রতি গত ১৭ আগস্ট ২০২৬, গভীর রাতে আলকরণ এলাকার ‘হোটেল সিলটন’-এ পরিচালনা করা একটি অভিযানকে কেন্দ্র করে এই কর্মকর্তার অনৈতিক বাণিজ্যের বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ রয়েছে, উক্ত অভিযানে জনৈক মন্নান নামে এক ব্যক্তির কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধারের পর তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে প্রথমে ৫ লাখ টাকা দাবি করা হয়। পরবর্তীতে ৫০ হাজার টাকার রফা দফায় তাকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগীদের মতে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা নিজেই মাদকাসক্ত হয়ে পড়লে এবং নিজস্ব স্বার্থে আইনকে ঢাল হিসেবে ব্যবহার করলে সাধারণ মানুষের নিরাপত্তা ভেঙে পড়ে। ইতোমধ্যেই তার বিরুদ্ধে ও পরিবারের সদস্যদের নামে অবৈধ প্রক্রিয়ায় কোটি কোটি টাকার সম্পদ অর্জন, ফ্ল্যাট, গাড়ি এবং ব্যাংক এফডিআর (FDR) করার গুরুতর অভিযোগ উঠেছে।
সিএমপির মতো একটি ঐতিহ্যবাহী ও পেশাদার শৃঙ্খলিত বাহিনীর প্রতি জনমনে আস্থা বজায় রাখতে অবিলম্বে এই কর্মকর্তার বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং ডোপ টেস্টের মাধ্যমে তার সঠিক মানসিক ও শারীরিক অবস্থা নিরূপণ করা প্রয়োজন বলে মনে করছেন সুশীল সমাজ ও নগরবাসী। একই সাথে সিএমপির ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষার্থে অভিযুক্ত এসআই ইমামকে অবিলম্বে বদলি ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হচ্ছে।
পুলিশের ভাবমূর্তি রক্ষায় ডোপ টেস্ট ও জরুরি বদলির দাবি চট্টগ্রাম নগরবাসীর
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪১

