কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হবে দীর্ঘ প্রায় ২০ বছর পর রংপুরে এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখ সরকার গঠন করলে । রংপুর অঞ্চলের সকল এনজিও ঋণ সরকারের পক্ষ থেকে পরিশোধ করে দেওয়া হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় লাখো মানুষের সামনে তিনি এসব কথা বলেন।
তিনি রংপুরকে একটি সম্ভাবনাময় অঞ্চল হিসেবে অভিহিত করে বলেন, রংপুরকে সত্যিকারের উন্নয়নের পথে নিয়ে যেতে হলে সঠিক নেতৃত্ব প্রয়োজন। আর সেই নেতৃত্ব আমরা দিতে প্রস্তুত।
আবু সাঈদের এলাকা পীরগঞ্জে কয়লা খনির উল্লেখ করে বলেন, এই কয়লা দিয়ে আমরা অনেক উন্নয়ন করতে পারব। রংপুরের সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে শক্তিশালী করা হবে।
তারেক রহমান বলেন, রংপুর বিভাগকে কৃষিজাত পণ্যের শিল্পকেন্দ্রে পরিণত করা হবে। বিশেষ সুবিধা দেওয়া হবে যাতে সবাই ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। আইটি কোম্পানির ক্ষেত্রে করের ছাড় দেওয়া হবে।
আবু সাঈদের স্বপ্ন পূরণ করার কথা উল্লেখ বলেন, আমরা আবু সাঈদের স্বপ্ন পূরণ করব। তার আত্মত্যাগ বৃথা যাবে না।
তিনি আরও বলেন, রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের জনগণকে সামনের কাতারে এসে বিএনপিকে নির্বাচিত করতে হবে। এই অঞ্চলের উন্নয়ন করবে; এমন প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।
নারী ও কৃষকদের জন্য বিশেষ পদক্ষেপের কথা জানান তারেক রহমান। তিনি বলেন, নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সকল মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। কৃষকদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। সকলের হাতে সহযোগিতা পৌঁছাবে। প্রত্যেক কৃষকের হাতে একটি ফসলের বীজ পৌঁছে দেওয়া হবে।
তারেক রহমান বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের সহযোগিতা খুবই দরকার। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা রংপুরকে বৈষম্যমুক্ত, সমৃদ্ধ ও উন্নত অঞ্চলে পরিণত করব।
বক্তব্যের সময় মাঠে উল্লাসের ঢেউ উঠে। লাখো মানুষ ধানের শীষের স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে পুরো রংপুর নগরীতে এই বক্তব্য সরাসরি সম্প্রচার হয়েছে।

