back to top

সাবেক এমপি দিদারুল আলম ও স্ত্রীর আয়কর নথি জব্দ

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬ ১০:০৯

দুর্নীতির মামলা তদন্তাধীন থাকায় চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম এবং তার স্ত্রী মোসা. ইসমাত আরা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, দিদারুল আলমের বিরুদ্ধে ১৩ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩০৭ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৯৪৮ কোটি ৮৮ লাখ টাকা সন্দেহজনক লেনদেন ও স্থানান্তরের অভিযোগে একটি মামলা রয়েছে।

তার স্ত্রী ইসমাত আরা বেগমের বিরুদ্ধেও ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা রয়েছে।

তদন্তের প্রয়োজনে তাদের ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সার্কেল কর্মকর্তার জিম্মায় প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।