back to top

সেনবাগে গোপন মজুদের ভাণ্ডারে অভিযান: ৫৫০০ লিটার তেল জব্দ

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৭:০৮

নোয়াখালীর সেনবাগে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ৫শ’ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে নিজ বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে ড্রামে সংরক্ষিত ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। সব মিলিয়ে মোট ৫ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয় বলে নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বলেন, জব্দ করা তেলগুলো পরবর্তীতে মাইকিং করে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে।

তিনি আরও জানান, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।