back to top

 চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকার তামাকের চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ০৯:২৫

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১৫০ মেট্রিক টন কাঁচা তামাক জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেডের বন্ড সুবিধায় আনা ১০টি কন্টেইনারে এসব তামাক ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কাস্টমসের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দ করা তামাক দিয়ে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট তৈরি করা সম্ভব। উৎপাদিত সিগারেটের সম্ভাব্য খুচরা বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চালানটির আমদানি মূল্য যাচাই করতে গিয়ে উল্লেখযোগ্য পার্থক্য খুঁজে পেয়েছেন কর্মকর্তারা। একই এইচএস কোডের আওতায় থাকা পণ্যের কেজিপ্রতি মূল্য ৫ দশমিক ১০ মার্কিন ডলার ধরে মূল্যায়ন করা হলেও এই চালানে প্রতি কেজি তামাকের ঘোষিত মূল্য দেখানো হয়েছে মাত্র ১ দশমিক ৪৫ মার্কিন ডলার।

আগের আমদানি মূল্য অনুযায়ী হিসাব করলে, চালানটির বিপরীতে সম্ভাব্য আমদানি পর্যায়ের রাজস্বের পরিমাণ প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় চালানটির মূল্য ঘোষণা ও সংশ্লিষ্ট আমদানি নথিপত্র নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রামের আগ্রাবাদে অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক সাকিব রায়হান।

সংবাদ সম্মেলনে চালানটির আমদানি প্রক্রিয়া, ঘোষিত মূল্যের অসংগতি এবং সম্ভাব্য রাজস্বের বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হতে পারে।