back to top

ফটিকছড়ি আসনের বিএনপি প্রার্থী সারোয়ারের ভোট করতে বাধা নেই

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এক আদেশে তার প্রার্থিতা বহাল রাখেন।

এর আগে, সারোয়ার আলমগীরের প্রার্থিতার বিরুদ্ধে একই আসনের জামায়াত মনোনীত প্রার্থীর করা একটি ‘লিভ টু আপিল’ আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

আদেশের পর সারোয়ার আলমগীরের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, আদালতের আজকের এ আদেশের ফলে তার মক্কেলের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই।

তবে লিভ টু আপিলের পক্ষের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর নির্বাচনে অংশগ্রহণ করলেও ঋণখেলাপির অভিযোগে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানু করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

অন্যদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সূত্র : বাসস