AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

আনোয়ারায় ব্যাংক থেকে নিরাপত্তাকর্মী অঞ্জনের মরদেহ উদ্ধার | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

আনোয়ারায় ব্যাংক থেকে নিরাপত্তাকর্মী অঞ্জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬ ০৮:২৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে রূপালী ব্যাংক পিএলসির শাখা থেকে অঞ্জন মল্লিক (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে ব্যাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত অঞ্জন মল্লিকের বাড়ি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে। তবে তাঁর পরিবার-আত্মীয়স্বজন পাশের বোয়ালখালী উপজেলায় বসবাস করেন বলে জানা গেছে।

তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার সকালে ব্যাংক খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে পুলিশে খবর দেয়া হলে আনোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাগনে জামাই দিলীপ দে (৪৫) বলেন, ‘তিনি নিয়মিত দায়িত্ব পালন করতেন। হঠাৎ এমন ঘটনায় আমরা হতবাক। আমি পরিবারকে জানিয়েছি। তারা আসছে চট্টগ্রাম মেডিকেলে।’

অন্য নিরাপত্তাকর্মী মো. আশরাফ আলী বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ যেভাবে ডিউটির দায়িত্ব দিত, সেভাবেই আমরা পালন করতাম। বিশেষ করে অফিস সময়েই আমার দায়িত্ব থাকতো।’

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রাজীব উদ্দীন বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে আরেক নিরাপত্তাকর্মীর মাধ্যমে খবর পেয়ে আমরা ব্যাংকে এসে তাকে ভেতরে মৃত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে জানানো হয়।

পুলিশের উপস্থিতিতে ব্যাংকের গেট খোলা হয়। ব্যাংকের ভেতরে আপাতত কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।