AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

ঈদ জামাতের জন্য জমিয়তুল ফালাহ ময়দান প্রস্তুত | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

ঈদ জামাতের জন্য জমিয়তুল ফালাহ ময়দান প্রস্তুত

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ১৪:১১

চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে। ঈদের নামাজের জন্য ময়দান সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।

বুধবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন।

এবারও মাঠে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আলকাদেরী।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে, এতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

চসিক থেকে জানানো হয়, প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং নিচে কার্পেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে উপরে টারপলিন দেওয়া হয়েছে, যাতে আবহাওয়া প্রতিকূল হলেও জামাতে কোনো বিঘ্ন না ঘটে। এছাড়া প্রায় ২৫০টি পাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, ৫০টি মাইক এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিবছরের ন্যায় এবারও প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লি এই কেন্দ্রীয় জামাতে অংশ নেবেন বলে আশা চসিকের।

পরিদর্শনকালে মেয়র বলেন, ঈদুল ফিতর সামনে রেখে গত সাতদিন ধরে চসিকের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

মুসল্লিদের নির্বিঘ্ন প্রবেশ ও বের হওয়ার জন্য তিনটি গেট খোলা রাখা হবে। পাশাপাশি পেছনের গেটটিও ব্যবহারের উপযোগী করা হচ্ছে, যাতে কোনো ধরনের ভিড় বা হুড়োহুড়ি না হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা যায়, নগরে জমিয়তুল ফালাহ ছাড়াও চসিকের তত্ত্বাবধানে আরও ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা-হয়েছে লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

মেয়রের ময়দান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোস্তফা মনসুর আলম খান, চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ, নির্বাহী প্রকৌশলী আনু মিয়া, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ প্রমুখ।