চট্টগ্রামের ফটিকছড়িতে তালাবদ্ধ একটি ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাশেদুল আনোয়ার (২৫) স্থানীয় হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি তালাবদ্ধ ঘরের ভেতর থেকে রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়।
একই ঘর থেকে অপর এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের শারীরিক অবস্থার উন্নতি হলে ঘটনার বিস্তারিত জানা যেতে পারে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

