back to top

পহেলা বৈশাখে ট্রাফিক নিয়ন্ত্রণ, সকাল থেকে সন্ধ্যা-সিএমপির নির্দেশনা

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৭:১০

পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে নগরীর ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

পুলিশ জানায়, বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নজরুল স্কয়ার (ডিসি হিল) ও সিআরবি শিরিষতলা কেন্দ্রিক বিভিন্ন সড়কে রোড ব্লক বসিয়ে যানবাহন চলাচলে ডাইভারশন দেওয়া হবে।

ডিসি হিল এলাকায় লাভ লেইন (নুর আহম্মেদ সড়কের মাথা), চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় এবং বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এর ফলে এসব এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে।

একইভাবে সিআরবি শিরিষতলা এলাকায় আটমার্সিং, ফ্রোন্সিস রোড, কাঠের বাংলো এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড ব্লক স্থাপন করা হবে।

এসব পয়েন্ট থেকে সিআরবি অভিমুখে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

সিএমপি জানায়, পহেলা বৈশাখের অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় যানবাহনের চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।