back to top

চট্টগ্রামে ঐতিহাসিক জব্বারের বলী খেলা শনিবার

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ১৩:০৫

চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ১১৭তম আবদুল জব্বারের বলীখেলা। এ উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী মেলার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “ঐতিহ্য ও ইতিহাসকে সামনে রেখে লালদিঘী চত্বরকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি।”

তিনি আরও জানান, ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে মরহুম আবদুল জব্বার সওদাগর এই বলীখেলার সূচনা করেন। সেই ধারাবাহিকতায় এটি এখন চট্টগ্রামের অন্যতম প্রধান লোকজ উৎসবে পরিণত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বলীখেলার উদ্বোধক থাকবেন হাসান মো. শওকত আলী। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবু সুফিয়ান।

জব্বারের বলীখেলাকে ঘিরে ২৪ এপ্রিল থেকে বৈশাখী মেলা শুরু হবে। এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে এবারের মেলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ২৬ এপ্রিল ভোরের মধ্যে মেলা শেষ হবে।

মেলা ও বলীখেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, ড্রোন নজরদারি, সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট মোতায়েন থাকবে। পাশাপাশি মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে।

আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল জানান, বলীখেলার ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে তারা কাজ করছেন। একইসঙ্গে মরহুম আবদুল জব্বার সওদাগরকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কার প্রদান এবং চট্টগ্রামে একটি বলীখেলা একাডেমি প্রতিষ্ঠার দাবি জানান।