back to top

কর্ণফুলীতে দেয়াল চাপায় নারীর মৃত্যু

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ১১:১৮

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন পুলিশ বিট শিকলবাহার এলাকায় অতিবৃষ্টির কারণে রাস্তার পাশের একটি দেয়াল ধসে পড়ে ৬০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও আনয়নকারীর দেওয়া তথ্য অনুযায়ী, নিহত নারীর নাম দেলোয়ারা বেগম (৬০)। তিনি কর্ণফুলী এলাকার পুলিশ বিট, মাস্টার হাটের বাসিন্দা এবং মৃত ফজল আহমেদের স্ত্রী।

জানা গেছে, ঘটনার সময় এলাকায় টানা ভারী বৃষ্টি হচ্ছিল। এ সময় রাস্তার পাশের একটি দেয়াল হঠাৎ ভেঙে পড়লে দেলোয়ারা বেগম সেখানে চাপা পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন, চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক। তিনি বলেন মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।