চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। এ সময় পেটের ভেতরে বিশেষ কৌশলে বহন করা ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।
শনিবার এসআরবি-৭-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ও রাতে অভিযান দুটি পরিচালিত হয়। সংস্থাটির দাবি, উদ্ধার করা ২১ হাজার ৯০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা।
আটককৃতরা হলেন—সালমা বেগম (৫০) ও মো. তারেক (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কক্সবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবার একটি চালান চট্টগ্রামের দিকে আসছে—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পটিয়া উপজেলার জলুয়ার দিঘির পাড় এলাকায় তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসায় এসআরবির একটি দল। এ সময় নম্বরপ্লেটবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানোর সময় দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে সালমা বেগম ও মো. তারেক নামের ওই দুজনকে আটক করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক স্বীকার করেন যে, তাঁর সঙ্গে থাকা নারী যাত্রী সালমা পেটের ভেতরে ইয়াবা বহন করছেন। এরপর তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় সালমার পেটে ইয়াবাসদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে স্বাভাবিক প্রক্রিয়ায় মলত্যাগের মাধ্যমে তাঁর পেট থেকে ৩৮টি স্বচ্ছ প্যাকেটে মোড়ানো ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার চৌমুহনী বাজারের সামনে তল্লাশিচৌকি বসায় এসআরবি। এ সময় কক্সবাজার থেকে আসা একটি মোটরসাইকেলের চালক এসআরবির উপস্থিতি টের পেয়ে না থেমে দ্রুত পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মোটরসাইকেলটি ফেলে রেখে তিনি পালিয়ে যান। পরে মোটরসাইকেলের সিটের কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, আটককৃত দুজন, উদ্ধার করা ইয়াবা এবং জব্দ করা মোটরসাইকেল সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
