back to top

রেঞ্জ অফিসে মদ্যপানের পর অর্ধনগ্ন ডেপুটি রেঞ্জার সাইফুল!

টিপি ও সাঙ্গু রিজার্ভ ঘিরে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৫:২৫

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান বন বিভাগের সদর রেঞ্জ অফিসে অফিস সময় শেষে মদ্যপানের পর অর্ধনগ্ন অবস্থায় থাকার অভিযোগ উঠেছে ডেপুটি রেঞ্জার কাজী মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি নিয়ে বান্দরবানজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এসব অভিযোগের পরও তার বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

প্রভাবের আড়ালে ধরাছোঁয়ার বাইরে?

‘সম্রাট’ নামে পরিচিত কাজী সাইফুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও ঊর্ধ্বতন কর্মকর্তারা আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে আসছেন। অভিযোগ রয়েছে, চট্টগ্রাম অঞ্চলের সাবেক বন সংরক্ষক (সিএফ) মোল্লা রেজাউল করিমের প্রভাব ও চাপের কারণে বারবার ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন সাইফুল ইসলাম।

বনজ সম্পদ ব্যবস্থাপনায় কথিত অর্থ আদায়ের চিত্র

অনুসন্ধানে জানা গেছে, বনাঞ্চল রক্ষা, অবৈধ গাছ কাটা বন্ধ এবং বনজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্ব বন বিভাগের হলেও বান্দরবানে এসব কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ভুয়া ট্রানজিট পাস (টিপি) ব্যবহার, কাঠ পাচার, বনজ সম্পদ পরিবহনের টিপি, জোত পারমিট, কাঠের স্টক যাচাই, ট্রাকে কাঠ লোড এবং চেকস্টেশন পারাপারসহ বিভিন্ন পর্যায়ে অর্থ আদায়ের একটি কথিত ব্যবস্থা গড়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বনজ সম্পদ ব্যবস্থাপনার সরকারি প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি অবৈধ কাঠ পাচার নিয়ন্ত্রণের ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগের খতিয়ান: টিপি থেকে সাঙ্গু রিজার্ভ

অভিযোগ অনুযায়ী, কাজী সাইফুল ইসলামের বিরুদ্ধে টিপিপ্রতি ১৩ হাজার টাকা ঘুষ নির্ধারণের অভিযোগ রয়েছে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সদর রেঞ্জের টিপি শাখায় এই অর্থ ভাগবাটোয়ারা করা হয় বলেও দাবি করা হয়েছে।

অভিযোগের অন্যান্য দিকগুলো হলো:

  • কাঠের স্টক যাচাই: প্রতি ঘনফুটে ৯ টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

  • জোত পারমিট: প্রতি ঘনফুটে ৫০ থেকে ৫৫ টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

  • ফার্নিচার পরিবহন: অনুমতি দেওয়ার ক্ষেত্রে প্রতিটি আইটেমের জন্য ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

  • সাঙ্গু রিজার্ভ ও কাঠ পাচার চক্র: বান্দরবানে যোগদানের পরপরই কয়েকজন অসাধু কাঠ ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশ করে মাসিক ২০ লাখ টাকা চুক্তিতে সাঙ্গু রিজার্ভ থেকে অবৈধভাবে কাঠ পাচারের একটি চক্র গড়ে তোলেন সাইফুল ইসলাম বলে অভিযোগ রয়েছে।

প্রত্যাহার, তদন্ত ও হস্তক্ষেপের দাবি

এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বনাঞ্চল রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার বিরুদ্ধেই যদি বনজ সম্পদ পাচার ও দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে বন সংরক্ষণের কার্যক্রম নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয়।

এ অবস্থায় ডেপুটি রেঞ্জার কাজী মো. সাইফুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার, তার বিরুদ্ধে ওঠা প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তার আয়বহির্ভূত সম্পদের উৎস অনুসন্ধানের দাবি উঠেছে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।