নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল করা নিয়ে চট্টগ্রাম নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পর্যাপ্ত গোয়েন্দা তথ্যের অভাব ও আগাম নজরদারির সুযোগকে কাজে লাগিয়ে কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকা থেকে হঠাৎ একটি মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিক ধাওয়া দিয়ে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল ও এর আশপাশ থেকে ২০ জনকে আটক করে।
শুক্রবার জুমার নামাজের পর সিনেমা প্যালেসের দিক থেকে মিছিলটি শুরু হয়। এতে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি সিনেমা প্যালেস মোড় হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে রাইফেল ক্লাব অতিক্রম করে শাহ আমানত মার্কেটের দিকে এগিয়ে যায়। এ সময় অংশগ্রহণকারীরা ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও ‘জয় বাংলা’ স্লোগান দেন। মুহূর্তের মধ্যেই মিছিলটির বেশ কয়েকটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মিছিলটি রাইফেল ক্লাবের সামনে পৌঁছালে পুলিশ ধাওয়া দিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। স্থানীয়দের দাবি, পুলিশের পাশাপাশি স্থানীয় যুবদলের কিছু নেতাকর্মীও মিছিলটিকে ধাওয়া করেন। পরে পুলিশ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে।
সংশ্লিষ্টদের মতে, নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও পুলিশ বা গোয়েন্দা সংস্থার আগাম তথ্য না থাকা এবং সতর্ক অবস্থানে ঢিলেঢালা ভাব থাকার সুযোগ নিয়েই সংগঠনটি বড় ধরনের মিছিলে জড়ো হতে পেরেছিল।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, “ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে ২০ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং আমরা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলাম।”
ঘটনার পর থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
