চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ব্যাটারীচালিত অটোরিকশায় চড়ার প্রলোভন দেখিয়ে নির্জন এলাকায় নিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই অটোরিকশা চালক পলাতক রয়েছেন।
গত বুধবার রাতে ভুক্তভোগী কিশোরীর পিতা কর্ণফুলী থানায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওই দিন দুপুরে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের খুইদ্যারটেক এলাকার সেকান্দর কলোনীতে এ জঘন্য ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি মো. নাছির (৪০) ওই এলাকার একটি ভাড়াবাড়িতে থাকেন। তার বাড়ি পাশ্ববর্তী শিকলবাহা ইউনিয়নে। এ ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
আরও পড়ুন
জানা গেছে, ধর্ষণের শিকার কিশোরীর পরিবার কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা। তারা কর্মসূত্রে কর্ণফুলীতে অস্থায়ীভাবে বসবাস করছিলেন।
ঘটনার বিবরণে অভিযোগ রয়েছে, দুপুরে ওই কিশোরীসহ কয়েকজন শিশু কলোনীর সামনে খেলছিল। এ সময় নাছির তাদের অটোরিকশায় চড়ার প্রস্তাব দেয়।
প্রলোভনে পড়ে কিশোরীসহ আরেকজন গাড়িতে ওঠে। চালক দ্রুত গাড়ি নিয়ে এলাকার বাইরে চলে যায়। পথে একজন লাফিয়ে নেমে গেলেও কিশোরীকে একটি নির্জন স্থানে নিয়ে তিনি ধর্ষণ করেন।
এ ঘটনায় পলাতক নাছিরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, অভিযুক্তকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

