পুরান ঢাকার টিকাটুলীতে একটি হোটেলের ব্যবস্থাপক নাঈমুর রহমানকে (২৩) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে এই ঘটনা ঘটে। নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক ও কর্মীসহ চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
টিকাটুলীর জয়কালী মন্দিরের পাশে হোটেলটির অবস্থান। এর সামনে মুরগির পাইকারি বাজার বসে। আজ শুক্রবার ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গতকাল রাত ১টার দিকে বাজারের একটি দোকান থেকে একটি মুরগি হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলের নিরাপত্তাকর্মীর সঙ্গে মুরগির দোকানের মালিক এনায়েত কাজী ওরফে এ্যানির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হোটেলের কর্মীরা এনায়েতকে আটকে রেখে দ্বিতীয় তলার অভ্যর্থনা কক্ষে নিয়ে যান এবং থানায় খবর দেন।
পরে এনায়েতের ছেলে ইরান কাজী হোটেলে এসে বাবাকে ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় হোটেলের কর্মীদের সঙ্গে তাঁদের আবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা ও ছেলে ধারালো অস্ত্র দিয়ে হোটেলের কর্মীদের ওপর হামলা চালান। আহতদের ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
পুরোনো বিরোধ ও চাঁদা দাবির অভিযোগ হোটেলে মুরগি ঢোকাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হলেও এর পেছনে পুরোনো বিরোধ ছিল বলে দাবি করেছেন নাঈমুরের স্বজনেরা। হোটেলের সামনে মুরগির বাজার বসানো নিয়ে বিরোধের পাশাপাশি তাঁরা চাঁদা দাবিরও অভিযোগ করেছেন।
নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দের দুদুখান পাড়ায়। নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, এনায়েত মুরগির দোকানের মালিক এবং টিকাটুলী এলাকার স্থায়ী বাসিন্দা। স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তাঁর সখ্য রয়েছে। তিনি কিছুদিন ধরে তাদের নিয়ে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর তাঁরা ক্ষুব্ধ ছিলেন। সাব্বির আরও জানান, হোটেলের সামনে এনায়েতকে দোকান বসাতে বাধা দেওয়ায় হোটেলের কর্মীদের ওপর ক্ষিপ্ত ছিলেন তিনি।
হোটেলের পাশের এক চা-দোকানি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, প্রতিদিন রাত ১০টার দিকে হোটেলের সামনে মুরগির পাইকারি বাজার বসে এবং পরদিন সকাল ৭টার আগেই কেনাবেচা শেষ হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সেখানে এই বাজার বসছে, এর আগে বাজার বসত না। বাজার বসা হোটেল কর্তৃপক্ষ পছন্দ করত না।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন হোটেলের মহাব্যবস্থাপক কামরুল হাসানের (রাজ্জাক) নাতি মো. জুবায়ের বলেন, পূর্বশত্রুতার জেরে এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজী হোটেলে ঢুকে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। তবে পূর্বশত্রুতার বিস্তারিত কারণ তিনি জানাতে পারেননি। পুলিশের তদন্তেই প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঘটনাস্থলের চিত্র ও অতিথিদের আতঙ্ক বিকেলে হোটেলটিতে গিয়ে দেখা যায়, নিচতলার মূল ফটকে তালা ঝুলছে। কোনো অতিথি আসা-যাওয়া করতে চাইলে হোটেল বয় জাকির হোসেন তালা খুলে দিচ্ছেন। দ্বিতীয় তলায় অভ্যর্থনা কক্ষের সামনের মেঝেতে জমাট বাঁধা রক্ত এবং দুটি রক্তমাখা জুতা পড়ে রয়েছে। জাকির হোসেন জানান, জুতা দুটি নিহত ব্যবস্থাপক নাঈমুরের; হামলার সময় আত্মরক্ষার্থে ছোটাছুটি করার সময় তাঁর পা থেকে এগুলো খুলে যায়।
জাকির আরও জানান, মাসখানেক আগে তিনি সেখানে হোটেল বয়ের চাকরি নিয়েছেন। ঘটনার সময় তিনি আটতলার একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। হট্টগোল শুনে নিচে নামতে চাইলে হোটেল কর্তৃপক্ষ তাঁকে বাধা দেয়। পরে দ্বিতীয় তলায় এসে রক্ত ছড়িয়ে থাকতে দেখেন। ঘটনার পর আতঙ্কে ১০ জন অতিথি হোটেল ছেড়ে চলে গেছেন এবং অন্যরাও আতঙ্কে আছেন।
বিকেল ৩টার দিকে হোটেল থেকে বেরিয়ে যাওয়া দুই অতিথির একজন জানান, আগের দিন তিনি হোটেলে উঠেছিলেন। কিন্তু এই ঘটনার পর সেখানে থাকার মতো পরিবেশ না থাকায় তিনি চলে যাচ্ছেন।
হোটেলের দ্বিতীয় তলার অস্থায়ী মসজিদের ইমাম আবুল হোসেন জানান, তিনি পাঁচ বছরের বেশি সময় ধরে সেখানে ইমামতি করছেন। নিহত নাঈমুরও প্রায় পাঁচ বছর ধরে হোটেলে কাজ করতেন। তিনি খুবই ভদ্র ছিলেন এবং কখনো কারও সঙ্গে উচ্চ স্বরে কথা বলেননি।
পুলিশের বক্তব্য পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন যে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এনায়েত ও ইরান মিলে ব্যবস্থাপক নাঈমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাঁকে বাঁচাতে গিয়ে মহাব্যবস্থাপক রাজ্জাক ও সহকর্মী হাসান আহত হন। পরে হাসপাতালে নাঈমুরের মৃত্যু হয়।
ঘটনার পর মুরগির দোকানের মালিক ও তাঁর ছেলে পালিয়ে গেছেন। সিসিটিভি ফুটেজ দেখে এনায়েত ও ইরানকে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। ওয়ারী থানার পাশাপাশি ডিবি পুলিশও ঘটনাটি ছায়া তদন্ত করছে।
